ফেরার লড়াইয়ে আবারও চোটে অনিশ্চিত নাহিদ রানা

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ , আপডেট সময় : ২৯-০৯-২০২৬
দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নাহিদ রানা। পুনর্বাসন প্রক্রিয়া শেষে বোলিং অনুশীলনও শুরু করেছিলেন বাংলাদেশের এই পেসার। তবে মাঠে ফেরার আগেই আবারও কোমরে ব্যথা অনুভব করেছেন তিনি। এতে তার ফেরার প্রস্তুতি নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
দুই মাসেরও বেশি সময় ধরে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নাহিদ। এই সময়ে বাংলাদেশের হয়ে বেশ কয়েকটি সিরিজেও খেলতে পারেননি গতির জন্য পরিচিত এই পেসার।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করছিলেন তিনি।
তবে দিন দুয়েক আগে বোলিং অনুশীলনের সময় কোমরে ব্যথা অনুভব করেন নাহিদ।
আপাতত বিশ্রামে রাখা হয়েছে তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, চোটটি এখনই গুরুতর বলে মনে হচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষার পরই তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
নাহিদের এই নতুন সমস্যা এমন সময়ে দেখা দিল, যখন তার মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। সামনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাকে কোন সংস্করণে খেলানো হবে, সেটি নিয়েও ভাবছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা।
বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সম্প্রতি জানিয়েছিলেন, নাহিদ ওয়ানডে ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলার জন্য ফিট আছেন। তবে তাকে কোন ধরনের ক্রিকেট দিয়ে ফেরানো হবে, সেটি নির্ভর করছে পেস বোলিং ম্যানেজমেন্টের পরিকল্পনার ওপর। আগামী ৯ অক্টোবর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।
তবে নতুন করে কোমরে ব্যথা পাওয়ায় আপাতত নাহিদের শারীরিক অবস্থার দিকেই নজর রাখতে হচ্ছে বিসিবিকে। পরীক্ষা-নিরীক্ষার ফল এবং পুনর্বাসনের অগ্রগতির ওপর নির্ভর করবে তার মাঠে ফেরার পরবর্তী পরিকল্পনা।

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :